পোস্তবাটা, সর্ষেবাটা দিয়ে তো প্রায়ই লাউশাক খাওয়া হয়। এবার স্বাদ বদলের জন্য সাদা তিলবাটা দিয়ে খেয়ে দেখুন এই লাউ পদ। নিরামিষ তরকারিতে তিলবাটার স্বাদ উপভোগ করতে বানিয়ে ফেলুন এই রান্না। রইল প্রণালী।
কী কী লাগবে
লাউশাকের আঁটি ৫টি
মাঝারি আলু ২টি
শিম ৭-৮টি
কাঁচা টম্যাটো ২টি
সাদা তিল ২ টেবিল চামচ
সর্ষের তেল ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা ৮-১০টি
কালোজিরে ১ চা চামচ
লঙ্কাগুঁড়ো ১ চা চামচ
হলুদগুঁড়ো ১ চা চামচ
স্বাদমতো নুন
কীভাবে বানাবেন
প্রথমে একটু শুকনো অবস্থায় সাদা তিল বেটে তাতে কাঁচালঙ্কা আর সামান্য জল মিশিয়ে মিহি করে বেটে রাখুন। লাউয়ের ডগা ভালো করে ধুয়ে নিন। এবার কুচি কুচি করে সেগুলো কেটে নিন। সঙ্গে কুচিয়ে নিন শিম ও আলু। স্বাদ বাড়াতে যোগ করতে পারেন হালকা সবুজ কাঁচা টম্যাটো। কাঁচা টম্যাটোকেও কুচিয়ে নিন। কড়াইয়ে এবার সর্ষের তেল গরম করে কালোজিরে ফোঁড়ন দিয়ে প্রথমে আলু দিন। একটু নাড়াচাড়া করার পর যোগ করুন শিম আর কাঁচা টম্যাটো। এবার দিন হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো। সব্জিগুলি হালকা নাড়াচাড়ার পর লাউশাক মিশিয়ে দিন। সামান্য জল ঢেলে ঢাকা দিয়ে দিন। ৫-৭ মিনিট পর শাক ও সব্জিগুলি মজে এলে তিলবাটা যোগ করুন। এবার খানিকক্ষণ নাড়াচড়া করে, ঢেকে দিন। শুকনো হয়ে এলে আঁচ বন্ধ করে নামিয়ে ফেলুন।
ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে জমে যাবে এই রান্না।
