আল্লু অর্জুন অভিনীত তারকাবহুল সিনেমা ‘রাকা’-তে অভিনয়শিল্পীদের বিপুল অঙ্কের পারিশ্রমিক নিয়ে চলচ্চিত্র মহলে আলোচনার ঝড় উঠেছে। বিশাল পরিসরে নির্মিত এই প্রজেক্টে ভারতীয় চলচ্চিত্রের বড় বড় সব নাম যুক্ত থাকায় স্বাভাবিকভাবেই পারিশ্রমিকের অঙ্কটাও বেশ বড়।
চলমান গুঞ্জন অনুযায়ী, এই সিনেমায় অভিনয়ের জন্য আল্লু অর্জুন নাকি ১৭৫ কোটি টাকার বিস্ময়কর পারিশ্রমিক নিচ্ছেন। অন্যদিকে, বলিউড তারকা দীপিকা পাড়ুকোন প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা দাবি করেছেন বলে শোনা যাচ্ছে। অভিনেত্রী রাশমিকা মান্দানা, যিনি এই ছবিতে একটি নেতিবাচক বা ‘নেগেটিভ শেড’-এর চরিত্রে অভিনয় করছেন বলে গুঞ্জন রয়েছে, তার পারিশ্রমিক হতে পারে ৫ থেকে ৭ কোটি টাকার আশেপাশে।
একজন প্রযোজক উল্লেখ করেছেন যে, প্যান-ইন্ডিয়া বা সর্বভারতীয় আবেদনের কারণেই পারিশ্রমিকের এই ঊর্ধ্বগতি। তিনি বলেন, “অভিনয়শিল্পীরা যখন দেশজুড়ে পরিচিতি এবং বক্স অফিসে দর্শক টানার ক্ষমতা নিয়ে আসেন, তখন তাদের পারিশ্রমিক সাধারণ তেলেগু সিনেমার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হয়।”
প্রায় ৮০০ কোটি টাকারও বেশি বাজেটে নির্মিত ‘রাকা’ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশিত ছবিটির ফার্স্ট লুক পোস্টারে তাকে একটি হিংস্র ও পশুর মতো অবতারে দেখা গেছে, যা একটি অতিমানবিক বা লার্জার-দ্যান-লাইফ গল্পের ইঙ্গিত দিচ্ছে।
