February 11, 2026
soniya (2)

গুরুতর অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি হাসপাতালে। সোমবার রাতে সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করার পর জানান যে,দিল্লির প্রচণ্ড ঠান্ডা এবং দূষণের জোরালো প্রভাবে তাঁর ব্রঙ্কিয়াল অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত তাঁদের পর্যবেক্ষণে চিকিৎসা চলবে কংগ্রেস নেত্রীর।স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং পর্যবেক্ষণে রাখার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

দীর্ঘদিন ধরেই কাশির সমস্যায় ভুগছেন ৭৮ বছরের সোনিয়া গান্ধী। সেই কারণে রুটিন চেকআপের জন্য প্রায়ই তাঁকে হাসপাতালে যেতে হয়। কিন্তু সোমবার সন্ধ্যায় কাশি আরও বেড়ে যায়। দিল্লির চরম দূষণের কারণে তাঁর শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা আরও বেড়ে গেছে বলেই চিকিৎসকদের ধারণা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।

কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী গত কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরে ওঠার পরও দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো সমস্যা তাঁকে মাঝেমধ্যেই ভোগায়। দেখতে গেলে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৭৮ বছরের সোনিয়া। সংশ্লিষ্ট মহল থেকে জানা গিয়েছে, বিভিন্ন শারীরিক সমস্যার জন্য মোটামুটি চিকিৎসার মধ্যেই আছেন তিনি। হাসপাতালের চেয়ারম্যান ডাঃ অজয় স্বরূপ জানিয়েছেন, ‘তাঁর শারীরিক উন্নতির ওপর ভিত্তি করে চিকিৎসকরা ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সম্ভবত আগামী এক বা দুই দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *