ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে আজ রাজ্য বিধানসভায় গভীর শোকপ্রকাশ করা হয়। এদিন নীরবতা পালনের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান বিধানসভার সদস্য ও সদস্যারা। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল ঘোষণা করেন যে, বিধানসভা অধিবেশন আগামী ১৬ মার্চ সকাল ১১টা পর্যন্ত মুলতুবি থাকবে।
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২৬ ডিসেম্বর ভোররাতে বিশ্ববন্ধু সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর প্রয়াণে রাজ্য রাজনীতি ও ত্রিপুরা বিধানসভা এক প্রজ্ঞাবান অভিভাবক, অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব এবং নিষ্ঠাবান জননেতাকে হারিয়েছে। একই সঙ্গে রাজ্যের সাধারণ মানুষ হারিয়েছেন তাঁদের প্রিয় ও আস্থাভাজন প্রতিনিধিকে।
তিনি আরও যোগ করেন, বিশ্ববন্ধু সেন শুধু দক্ষ সংসদীয় ব্যক্তিত্বই নন, একজন সংস্কৃতিপ্রেমী মানুষ হিসেবেও সকলের কাছে সমাদৃত ছিলেন। রবীন্দ্রসঙ্গীতের প্রতি ছিল তাঁর বিশেষ অনুরাগ। পাশাপাশি নাটক ও যাত্রাপালার প্রতিও তাঁর গভীর আগ্রহ ছিল এবং তিনি নিজেও বিভিন্ন নাটক ও যাত্রায় অভিনয় করেছেন। রাজ্যের নাট্য ও যাত্রাচর্চাকে এগিয়ে নিতে উৎসাহী ছিলেন তিনি। এমন প্রতিভাবান ব্যক্তিত্বের বিদেহী আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
