আসামে নারী-নেতৃত্বাধীন উদ্যোক্তাদের উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা আজ সাদিয়ায় ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান’ (MMUA)-এর অধীনে ২৭,৫৭৩ জন স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মহিলা সুবিধাভোগীর মধ্যে ১০,০০০ টাকার বীজ মূলধন সম্বলিত চেক বিতরণ করেন।
এই উদ্যোগের লক্ষ্য হলো নারীদের আর্থিক স্বাধীনতা দেওয়া এবং গ্রামীণ অর্থনীতিতে রূপান্তরমূলক ভূমিকা পালনে সক্ষম করা। সাদিয়া নির্বাচনী এলাকায় ২৬,৩৪২ জন গ্রামীণ এবং ১২৩১ জন শহরাঞ্চলের সুবিধাভোগী এই সাহায্য পেয়েছেন।
সাদিয়ায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ শর্মা বলেন, MMUA-এর মাধ্যমে এমন এক নতুন আসাম গড়ার লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে মহিলারা মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবেন। তিনি রাজ্যের প্রায় চার লক্ষ SHG-তে জড়িত ৪০ লক্ষেরও বেশি মহিলার সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, আসামের মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি ব্যাঙ্ক থেকে প্রায় ২১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এবং ৯৯ শতাংশ ঋণ পরিশোধের ক্ষেত্রে দেশব্যাপী প্রশংসা অর্জন করেছে।
ডঃ শর্মা প্রধানমন্ত্রী মোদীর ‘লক্ষপতি বৈদেউ’ তৈরির লক্ষ্যের কথা উল্লেখ করেন এবং সফল উদ্যোক্তা মনিকা দাসের উদাহরণ দেন, যিনি SHG-এর সাহায্যে ব্যবসা করে মাসিক প্রায় ৮,৫০০ টাকা আয় করছেন।
