আগামী ১৩ মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। মোট ৯ দিনের এই অধিবেশন চলবে ২৫ মার্চ পর্যন্ত। শুক্রবার অনুষ্ঠিত বিজনেস এডভাইজারি কমিটির (বিএসি) বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।
খবর, ১৩ মার্চ অধিবেশনের প্রথম দিনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ভাষণ দেবেন। তাঁর ভাষণে আগামী এক বছরে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে।
এছাড়া আসন্ন বাজেট অধিবেশনে ত্রিপুরা সরকার তিনটি গুরুত্বপূর্ণ বিল, মহিলা বিশ্ববিদ্যালয় বিল, মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল এবং টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ২০২৬ বিল পেশ করতে চলেছে।
আরও জানা গিয়েছে, অধিবেশনের প্রথম দিনে রাজ্যপালের ভাষণ শেষে প্রয়াত অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেনের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করা হবে। শোকপ্রস্তাবের পর সেদিনের জন্য সভা মুলতবি করা হতে পারে। অধিবেশনের দ্বিতীয় দিন, অর্থাৎ ১৪ মার্চ রাজ্যের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়।
