March 28, 2026
AAJ 1

বাহারি সবজিতে জমজমাট শীতের বাজার। গাজর, ফুলকপি, ব্রকোলি, বাঁধাকপি, বিট, সিম, পালং—কত রকমই না সবজিই থাকে সেই তালিকায়! তবে এই মরসুমে ফুলকপির কদর ভিন্ন। আলু-ফুলকপি দিয়ে মাছের ঝোল, আলু-ফুলকপির ডালনা, ফুলকপি ভাজা — সব কিছুতেই এর জুড়ি মেলা ভার। তবে মাঝেমধ্যে স্বাদ বদল করতে হলে খোঁজ পড়ে নতুন রেসিপির। জেনে রাখুন ফুলকপির একটি ভিন্ন স্বাদের রেসিপি — ফুলকপির রেজালা। আমিষ ও নিরামিষ, দুইভাবেই রান্না করতে পারবেন এই রেজালা।

কি কি লাগবে

টাটকা ফুলকপি (মাঝারি)
দুধ এক কাপ
কাজুবাদাম ৫-৮টি
চারমগজ ১ টেবিল চামচ
কিশমিশ ১০-১২টি
পোস্ত ১ টেবিল-চামচ
কাশ্মীরি লঙ্কা-গুঁড়ো ২ টেবিল চামচ
নুন স্বাদমতো
চিনি স্বাদমতো
টকদই ৫০ গ্রাম
ধনেগুঁড়ো ১ টেবিল চামচ
গরমমশলাগুঁড়ো ১ টেবিল চামচ
খোয়া ক্ষীর ৫০ গ্রাম
ঘি ১ টেবিল চামচ
সাদা তেল
শুকনোলঙ্কা ২-৩টি
গোলমরিচ ৭-৮টি
গোলাপজল ১ চা-চামচ
কেওড়াজল আধ চা-চামচ

কীভাবে বানাবেন

ফুলকপির ফুলগুলি মাঝারি আকারে কেটে নিন। তারপর সেগুলো ২ মিনিট গরম জলে ভিজিয়ে রাখুন—কোনও পোকা থাকলে বেরিয়ে যাবে। এরপর কড়াইয়ে একটু তেল গরম করে ফুলকপিগুলো হালকা ভেজে নিন। গরম দুধে পোস্ত, কাজু, কিশমিশ ও চারমগজ আধ ঘণ্টা ভিজিয়ে রেখে দিন। তারপর মিক্সারে ভালো করে বেটে নিন।
এবার কড়াইয়ে তেল এবং ঘি গরম করে, ফোঁড়ন হিসাবে দিন শুকনোলঙ্কা এবং থেঁতো করা গোলমরিচ। বাদাম দুধের মিশ্রণটি দিয়ে আঁচ কমিয়ে ভালো করে নাড়তে থাকুন। তেল ছাড়তে শুরু করলে তাতে দিয়ে দিন ভেজে রাখা ফুলকপি। এবার দিন স্বাদমতো নুন ও কাশ্মীরি লঙ্কাগুঁড়ো। এরপর ধনে গুঁড়ো যোগ করে নেড়ে নিন। ফেটানো টকদই ঢেলে আরও ২ মিনিট রান্না করুন। তারপর ঢেকে ৫–৬ মিনিট রান্না করুন। তেল আলাদা হয়ে এলে সামান্য গরম জল দিন—রেজালায় কিন্তু বেশি ঝোল হবে না। তেল ছেড়ে এলে স্বাদমতো চিনি দিন। এবার গ্রেট করা খোয়া ক্ষীর মিশিয়ে আরও ২ মিনিট রান্না করুন। শেষে গরমমশলা, ১ টেবিল চামচ গোলাপজল ও অল্প কেওড়াজল দিয়ে দিন। ২–৩ মিনিট ঢেকে রেখে আঁচ বন্ধ করুন।
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো বেশি হলে রেজালার সাদা রং একটু লালচে হতে পারে। বাদাম থাকায় ওপরের দিকে তেল ভেসে উঠবে। মনে রাখবেন—এই রান্নায় হলুদ ব্যবহার করা যাবে না এবং সর্ষের তেলও নয়। পরোটা বা যেকোনও পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই দারুণ স্বাদের রেজালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *