March 10, 2026
AAJ 2

ইরান-ইজরায়েলের চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সংকট দেখা দিয়েছে। এর ফলে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় সরবরাহ ব্যবস্থাতেও সমস্যা দেখা দিচ্ছে। ভারতের বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে।

এই আবহে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে দেখা দিয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সরবরাহ সংকট। শহরের হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠন জানিয়েছে, হঠাৎ করেই বাণিজ্যিক সিলিন্ডারের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য পরিষেবা খাতের উপর বড় চাপ তৈরি হয়েছে।

সোমবার বেঙ্গালুরু হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, যদি দ্রুত সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক না করা হয়, তবে শহরজুড়ে ধাপে ধাপে হোটেল ও রেস্তোরাঁ বন্ধ করে দিতে বাধ্য হবেন তারা।

শহরের অসংখ্য মানুষ প্রতিদিন খাবারের জন্য হোটেল ও রেস্তোরাঁর উপর নির্ভর করেন। এর মধ্যে রয়েছেন কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত বহু ব্যক্তি। ফলে হোটেল পরিষেবা বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তার বড় প্রভাব পড়বে।

হোটেল সংগঠনের এক আধিকারিক জানান, জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলি এর আগে আশ্বাস দিয়েছিল যে তাদের কাছে অন্তত ৭০ দিনের জ্বালানির মজুত রয়েছে এবং সরবরাহে কোনও সমস্যা হবে না। কিন্তু হঠাৎ করেই বাণিজ্যিক সিলিন্ডারের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে হোটেল মালিকদের মধ্যে।

এই পরিস্থিতিতে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছে সংগঠন। তাদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে ১০ মার্চ থেকে ধর্মঘট করবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *