২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনের আগে আত্মবিশ্বাসী সুরে কথা বলছে Assam Pradesh Congress Committee (এপিসিসি)। দলটির দাবি, রাজ্যের অন্তত ৪৬টি বিধানসভা কেন্দ্রে (LAC) তাদের জয়ের সম্ভাবনা খুবই শক্তিশালী।
দলীয় সূত্রের খবর, গত চার মাসে সংগঠনের অবস্থান উল্লেখযোগ্যভাবে মজবুত হয়েছে। মাঠপর্যায়ের রিপোর্টের ভিত্তিতে এই ৪৬টি আসন চিহ্নিত করা হয়েছে, যেখানে কংগ্রেসের জয় “নিশ্চিত বা খুব সম্ভাবনাময়” বলে দাবি নেতৃত্বের।
কংগ্রেসের অভিযোগ, বিজেপি শিবির একটি ধারণা তৈরি করতে চাইছে যে দলটি শুধু সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেই সীমাবদ্ধ। তবে সীমানা পুনর্বিন্যাসের (ডিলিমিটেশন) পর মুসলিম-প্রধান আসনের সংখ্যা কমেছে। অন্যদিকে, আপার অসম ও নর্থ ব্যাঙ্ক অঞ্চলের ৪৩টি আসনের মধ্যে অন্তত ২৩টিতে সংগঠনের অবস্থা আগের চেয়ে অনেক ভালো বলে দাবি কংগ্রেসের।
প্রার্থী বাছাই নিয়েও কড়াকড়ি করছে দল। সূত্রের খবর, কিছু বর্তমান বিধায়ক এবার টিকিট নাও পেতে পারেন। বাহ্যিক সংস্থার সমীক্ষা ও কর্মীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এআইসিসির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার নেতৃত্বে স্ক্রিনিং কমিটি বিষয়টি খতিয়ে দেখছে। ৫ মার্চ কমিটির বৈঠকের পর প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ হতে পারে।
জোট রাজনীতিতেও চ্যালেঞ্জ রয়েছে।রায়জোর দল -এর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েন চলছে। কংগ্রেসের মতে, রাইজর দল তাদের সাংগঠনিক শক্তির তুলনায় বেশি আসন দাবি করছে। তবে শেষ পর্যন্ত সমঝোতা হবে বলেই আশা নেতৃত্বের।
সব মিলিয়ে, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষকে কাজে লাগিয়ে রাজ্যে ঘুরে দাঁড়াতে চাইছে কংগ্রেস।
