নারী টি-২০ সিরিজে প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কাকে সহজেই হারিয়েছে ভারত। তবুও প্রধান কোচ আমোল মুজুমদার মনে করেন, দলের সব বিভাগে আরও উন্নতির সুযোগ রয়েছে।
ভারতীয় নারী দল সম্প্রতি বিশ্বকাপ জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর। প্রথম দুই ম্যাচে তারা ব্যাটিং ও বোলিংয়ে আধিপত্য দেখিয়েছে। তবে কোচ আমোল বলেন, “বিশ্বচ্যাম্পিয়ন ট্যাগ পাওয়া ভালো লাগছে। কিন্তু সেই মান ধরে রাখতে হলে প্রতিটি বিভাগে আরও উন্নতি করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “বিশ্বকাপ জয়ের পর দলের মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। খেলোয়াড়রা মাঠে আরও আনন্দ নিয়ে খেলছে। তবে ফিল্ডিং, ক্যাচিং এবং ধারাবাহিক পারফরম্যান্সে উন্নতি জরুরি।”
ভারতের তরুণ বোলার বৈষ্ণবী শর্মার পারফরম্যান্সে কোচ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, “বৈষ্ণবী দারুণ বল করছে। দলের ভারসাম্য বজায় রাখতে নতুনদের অবদান গুরুত্বপূর্ণ।”
ভারত ইতিমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। শুক্রবার তৃতীয় ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত করবে তারা। শ্রীলঙ্কা দল রূপান্তরের পর্যায়ে থাকলেও ভারতীয় কোচ প্রতিপক্ষকে সমান সম্মান দিয়ে খেলতে চান।
