বিশ্বজুড়ে যখন হিংসা, বিভাজন আর অস্থিরতার খবরই শিরোনাম দখল করে থাকে, ঠিক তখনই নীরব পায়ে এক আশ্চর্য শান্তির বার্তা বহন করে চলেছে ভারতের এক পথ কুকুর। তার নাম ‘অলোকা – যার অর্থ আলো’। আজ সে শুধু একটি কুকুর নয় বরং শান্তি, দয়া ও সহানুভূতি – এর জীবন্ত প্রতীক।
একদল বৌদ্ধ সন্ন্যাসী বিশেষ উদ্দেশ্য নিয়ে পৃথিবীর নানা প্রান্তে হেঁটে চলেছেন। কোনো প্রচার নেই, নেই স্লোগান শুধু হাঁটা আর সন্ধ্যাবেলায় প্রার্থনা। সেই যাত্রাপথেই ভারতে তাদের সঙ্গী হয় চার বছরের এক পথ কুকুর।
দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেও সন্ন্যাসীদের সেবাযত্নে সে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর অলোকা যেন নিজের সিদ্ধান্তেই আবার ফিরে আসে সেই শান্তির পথে।
একসময় সন্ন্যাসীরা তাকে আনুষ্ঠানিকভাবেই তাঁদের পরিক্রমার সঙ্গী করে নেন। নাম দেওয়া হয় ‘অলোকা – দ্য পিস ডগ’ এরপর শুরু হয় ইতিহাসের মতো এক যাত্রা। বর্তমানে উনিশ জন বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে অলোকা হাঁটছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। গন্তব্য ওয়াশিংটন ডিসিতে।
ইতিমধ্যেই তারা হেঁটেছেন প্রায় ২৩০০ মাইল পথ। পথে পথে অলোকা ও সন্ন্যাসীদের আগমনের খবরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অলোকার সুবিধার জন্য ভ্যানের ব্যবস্থাও রাখা হয়েছে, কিন্তু সে খুব কমই তাতে ওঠে। প্রতিদিনই সে সাধুদের সঙ্গে হাঁটতেই ভালোবাসে নীরবে অবিচলভাবে।
আজ ১০০ দিন পূর্ণ হল এই বিশ্বপরিক্রমার। কোনো ভাষা নেই, নেই জাত বা দেশের সীমা শুধু এক ভারতীয় পথ কুকুরের পদচিহ্ন যা বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে শান্তি আর সহমর্মিতা এখনও সম্ভব।
