February 11, 2026
AAJ 1

সোমবার রাতে মুম্বইয়ের জুহু এলাকায় বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল বলিউড তারকা অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার কনভয়। মুম্বই বিমানবন্দর থেকে বাড়ি ফেরার সময় আচমকাই একটি বেপরোয়া গতির অটো তাঁদের নিরাপত্তারক্ষীদের গাড়িতে সজোরে ধাক্কা মারে।

তবে স্বস্তির বিষয়, ওই গাড়িতে তারকা দম্পতি ছিলেন না। ফলে অক্ষয় ও টুইঙ্কল দু’জনেই অক্ষত রয়েছেন। জানা যায়, বিমানবন্দর থেকে জুহুর বাড়ির দিকে যাচ্ছিলেন অক্ষয়–টুইঙ্কল। তাঁদের কনভয়ের সামনে ছিল নিরাপত্তারক্ষীদের একটি বিলাসবহুল গাড়ি।

সেই সময় অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি অটো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িতে ধাক্কা দেয়। ধাক্কার জেরে নিরাপত্তারক্ষীদের গাড়িটি রাস্তার পাশে উলটে যায় ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটোটি উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, অটোতে একজন যাত্রী ছিলেন। অটোচালক ও ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তার কারণে তারকা দম্পতিকে অন্য গাড়িতে করে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতির কারণেই অটোটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে মুম্বাই পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *