আসন্ন বোরোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন (বিটিআর) নির্বাচনের প্রাক্কালে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করে একে ‘সমস্যাগ্রস্ত রাজনৈতিক দল’ বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেসের রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতা দখল, উন্নয়নের প্রতি তাদের কোনও আন্তরিকতা নেই।
বাকসায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজ কংগ্রেস কোথায়? পঞ্চায়েত নির্বাচনে তাদের অবস্থা আপনারা দেখেছেন। বিটিআর ভোটেও একই পরিণতি হবে।” তিনি দাবি করেন, জনগণ কংগ্রেসের উপর থেকে আস্থা হারিয়েছে।
তিনি কটাক্ষ করে বলেন, “গতকাল কংগ্রেস নেতারা স্বীকার করেছেন, তাঁরা কখনও কোকরাঝারে যাননি। কেন যাননি? মুখ্যমন্ত্রী না গেলে কি উন্নয়ন হয় না? আমি এসেছি বলেই বরোমা থেকে মাসালপুর পর্যন্ত রাস্তা হয়েছে, পাগলাদিয়া নদীর উপর দুটি সেতু হয়েছে। তাহলে আমরাও কি আর আসব না?”
মুখ্যমন্ত্রী কংগ্রেসের শাসনামলের ‘অবহেলার ঐতিহ্য’ তুলে ধরে বলেন, “তামুলপুরে এখন মেডিকেল কলেজ হয়েছে। কংগ্রেসের সময় এটা কল্পনাও করা যেত না। তখন চার-পাঁচটি ভালো রাস্তা বা দুটি সেতু দেখেছেন কি?” তিনি আরও বলেন, বিজেপির রাজনীতি মানুষের জন্য, আর কংগ্রেসের রাজনীতি শুধুই ক্ষমতার জন্য।
তিনি ভোটারদের আহ্বান জানান, যেন তারা প্রকৃত উন্নয়নকামী শক্তিকে সমর্থন করেন এবং যারা শুধুমাত্র ক্ষমতার লোভে রাজনীতি করে, তাদের প্রত্যাখ্যান করেন। পাশাপাশি, তিনি ইউপিপিএল, বিপিএফ, কংগ্রেসসহ সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানান।
এই মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে কংগ্রেস-বিরোধী অবস্থানকে আরও জোরদার করলেন, যা বিটিআর নির্বাচনে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।
