কর্নাটকে মধ্যরাতে ভয়ংকর পথ দুর্ঘটনা যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দাউদাউ করে আগুন। এই ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। গুরুতর আহত হয়েছেন আরও বহু যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা গিয়েছে, বুধবার রাতে বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগার উদ্দেশে রওনা দিয়েছিল। রাত প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ কর্নাটকের চিত্রদুর্গ জেলার ৪৮ নম্বর জাতীয় সড়কে পৌঁছতেই বিপত্তি ঘটে। স্থানীয় সূত্রে খবর, উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
বিকট শব্দ ও আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন উদ্ধারকাজে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজে সমস্যা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিল। অধিকাংশ যাত্রীই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আচমকা এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেকেই বেরিয়ে আসার সুযোগ পাননি।
আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ভয়াবহ দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া।
