সবসময় মাছ মাংস খেতে না চাইলে চটজলদি সমাধান ডিম। পুষ্টির পাশাপাশি এটি সুস্বাদুও বটে। ডিমের কষা, ভাপা, কালিয়া, কোর্মার পদ অনেকেরই প্রিয় পদ। এবার বানিয়ে দেখুন নতুন রেসিপি – ‘এগ মখমলি’।
কী কী লাগবে
সেদ্ধ ডিম ৪টি
বড় পেঁয়াজ ১টি
কাজুবাদাম ৮-১০টি
ছোট টম্যাটো ১টি
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ টেবিল চামচ
নারকেলের দুধ আধ কাপ
লবঙ্গ ২-৪টি
দারচিনি এক টুকরো
ঘি ১ টেবিল চামচ
কসৌরি মেথি ১ টেবিল চামচ
ফ্রেশ ক্রিম ১ টেবিল চামচ
কীভাবে বানাবেন
ডিম সেদ্ধ করে আড়াআড়িভাবে কেটে দু’পিস করে নিন। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজকুচি, কাজুবাদাম, টম্যাটোকুচি ও স্বাদমতো নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে মিক্সারে ঘুরিয়ে নিন। এবার নারকেল কুরিয়ে, গরম জল দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। সেটি ছেঁকে নিলেই নারকেলের দুধ পাওয়া যাবে।
কড়াইয়ে অল্প তেল এবং এক চা-চামচ ঘি গরম করে তাতে দারচিনি, লবঙ্গ ফোড়ন দিন। এবার পেঁয়াজ-বাদামের মিশ্রণটি ঢেলে দিয়ে নাড়তে থাকুন। স্বাদমতো চিনি, লঙ্কাগুঁড়ো মিশিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে নারকেলের দুধ যোগ করুন। দুধ-মশলা ফুটতে শুরু করলে ডিম দিয়ে ঢাকা দিয়ে রাখুন।
মিনিট পাঁচেক রান্না করার পর কসৌরি মেথি ছড়িয়ে দিন। সবশেষে যোগ করুন ফ্রেশ ক্রিম। ব্যস তৈরি এগ মখমলি। গরম গরম পরোটা, রুটির পাশাপাশি পোলাও দিয়েও দারুণ জমবে এই খাবার।
