জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সিকিমে শুরু হচ্ছে দৃষ্টিনন্দন সুপার-কার র্যালি! প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘ভারত রণভূমি দর্শন’ উদ্যোগের অংশ হিসেবে চলতি মাসের ১২ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এই বিশেষ র্যালি, যেখানে অংশ নেবে ১৭টি উচ্চক্ষমতাসম্পন্ন সুপার-কার।
র্যালিটি সুড়ঙ্গপথ, খাড়া বাঁক ও পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাসহ সিকিমের সবচেয়ে চ্যালেঞ্জিং কয়েকটি রুট অতিক্রম করবে, যার উদ্দেশ্য যুদ্ধক্ষেত্র ও সীমান্ত পর্যটনকে আরও জনপ্রিয় করে তোলা। র্যালির পতাকা উত্তোলন করা হবে পশ্চিমবঙ্গের সুকনা থেকে।
এরপর এটি সিলিগুড়ি–গ্যাংটক–চো লা–নাথু লা–জুলুক সার্কিট অতিক্রম করে ১৫ ডিসেম্বর শেষ হবে। এই ব্যতিক্রমী আয়োজনে সহযোগিতা করছে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর এবং সিকিম সরকার। পাশাপাশি, ড্রাইভিংপ্রেমীদের কাছে সিকিমকে অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরাও এই উদ্যোগের একটি প্রধান লক্ষ্য।
