উত্তরাখণ্ডের চামোলি জেলায় বছর শেষের প্রাক্কালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রাতে টিএইচডিসি পরিচালিত বিষ্ণুগড় – পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভিতরে শ্রমিক ও আধিকারিকদের বহনকারী দুটি লোকো ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ শিফট পরিবর্তনের সময় এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, সেইসময় দুটি ট্রেনে মোট ১০৯ জন শ্রমিক ও আধিকারিক ছিলেন। সংঘর্ষের তীব্রতায় টানেলের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল।
চামোলির পুলিশ সুপার সুরজিত সিং জানান, ৪২ জন আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ থেকে ৫ জনের হাড় ভেঙেছে। গুরুতর আহত ১৭ জনকে পিপলকোটির বিবেকানন্দ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল টিম মোতায়েন করা হয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে ও ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অলকানন্দা নদীর উপর নির্মীয়মাণ এই বিষ্ণুগড় – পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪৪৪ মেগাওয়াট। চারটি টারবাইনের উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ চলছিল। নতুন বছরের মধ্যেই নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। তার মধ্যেই এই দুর্ঘটনা প্রকল্পের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করলো।
